সুন্দরগঞ্জে আচরণবিধি লংঘনের দায়ে ২১ প্রার্থীকে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আচরণবিধি লংঘনের দায়ে ২১ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল হাই মিলটন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এ জরিমানা আদায় করেন।
জরিমানাপ্রাপ্ত মেয়র প্রার্থীরা হলেন- আব্দুল্লাহ আল মামুনকে (নৌকা) দুই হাজার টাকা, দেবাশীষ কুমার সাহা (চামুচ) এক হাজার টাকা, আজাদুল করিম প্রামাণিক নিপু (ধানের শীষ) এক হাজার টাকা, শাহাদৎ হোসেন সবুজ (মশাল) এক হাজার টাকা, এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন) এক হাজার টাকা।
সংরক্ষিত আসনের ৮ কাউন্সিলর প্রার্থীর প্রত্যেককে এক হাজার টাকা ও আরও আট সাধারণ কাউন্সিলর প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল হাই মিলটন জানান, নির্বাচনী আচরণবিধি লংঘন করে শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও অফিসের দেয়ালে পোস্টার সাঁটান মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা। এ ছাড়া মেয়র প্রার্থীর সাদাকালো পোস্টারে দুইয়ের অধিক ছবি ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।



