সুন্দরগঞ্জে শিশু শুভ হত্যার আসামি চাচা জেল হাজতে
বাপ্পীরাম রায়, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিদিন: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শিশু শুভ হত্যা মামলার প্রধান আসামি চাচা আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমণ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রতেœশ্বর ভট্টাচার্য্য ওই আদেশ দেন।
গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুভ’র আপন চাচা আব্দুর রাজ্জাক জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বিজ্ঞ বিচারক। উল্লেখ্য ৬ অক্টোবর ২০১৪ সালে বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের শিশু পুত্র শুভ (৮) কে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শুভর পিতার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে শুভর পিতা সু-কৌশলে পুলিশের সহায়তা ৮জন অপহরণকারীকে গ্রেফতার করাতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদের স্বীকাররোক্তি অনুযায়ী ৮ অক্টোবর পাশ্ববর্তী এক ডোবা থেকে শুভর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুভর পিতা বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃত ৮ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে অপরহণ ও হত্যা কান্ডের সাথে তার আপন চাচা আব্দুর রাজ্জাক জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত হয়। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে পুলিশ শিশু শুভ’র আপন চাচা আব্দুর রাজ্জাকসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত সোমবার চাচা আব্দুর রাজ্জাক বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।



