সুপ্রিম কোর্ট ঘিরে কঠোর নিরাপত্তা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা দেখা গেছে। মঙ্গলবারের কার্যতালিকায় আবেদন দু’টি যথাক্রমে ২ ও ৩ নম্বরে রয়েছে।
সকালে দেখা গেছে, সুপ্রিম কোর্টের তিন গেট বার কাউন্সিল সংলগ্ন গেট, প্রধান গেট ও মাজার গেটে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতি গেটে ১০-১২ থেকে করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সোমবার বিকেলে এ কার্যতালিকা প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।


