সেরা ফুটবলারের খেতাব মেসির
স্পোর্টস ডেস্ক: আরও একবার রোনাল্ডোকে পিছনে ফেললেন লিওনেল মেসি। ব্যালন ডি’অরের জন্য প্রথম তিনে নির্বাচিত হয়েছেন। ফিফা বর্ষসেরা ফুটবলারের ঘোষণা হবে আগামী বছর। আর বছর শেষের আগে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লিওনেল মেসি। গত মরসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল বা তিনটি মেজর খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। ট্রফি জয়ের সঙ্গেই কাতালানদের হয়ে খুদে যাদুকর ৫৮টি গোলও করেছিলেন। সেরা ফুটবলারের লড়াইয়ে মেসির সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জুভেন্টাসের কিংবদন্তী গোলরক্ষক গোলরক্ষক গিয়ানলুইগি বুঁফো। এই দুই ফুটবলারকে পিছনে ফেলেই সেরার শিরোপা মাথায় তোলেন তিনি। আবার শুধু মেসিই নয়, তাঁর বার্সেলোনাও জিতে নেয় বর্ষসেরা ক্লাবের পুরস্কার। সফল ক্লাব এবং ফুটবলারের সঙ্গেই সেরা সভাপতির খেতাব জেতেন বার্সা প্রধান জোসেপ মারিয়া বার্তামউ।
স্বভাবসিদ্ধভাবেই এই জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন বার্সার অন্যান্য ফুটবলারদের সঙ্গেও। সতীর্থদের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই পুরস্কার জিতে আমি দারুণ খুশি। আমি আগেও বলেছি, আমার সেরা হওয়ার পিছনে অন্যান্য ফুটবলারদের কৃতিত্ব রয়েছে। পুরো দলের কারণেই এটি সম্ভব হয়েছে।’ চলতি বছরে ট্রেবল জয়ের পাশাপাশি লুইস এনরিকের বার্সেলোনা মোট পাঁচটি শিরোপা জিতেছে। ২০১৫ সালে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান সুপার লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতে। এমনকি টানা পাঁচটি জিতে সংবাদমাধ্যমে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণও করেছেন মেসিরাই। তাই ‘মিডিয়া অ্যাট্রাকশান’ বা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য পুরস্কারও পেয়েছে বার্সেলোনাই। বর্ষসেরা কোচের পুরস্কার পান বেলজিয়ামকে ফিফার শীর্ষে পৌছে দেওয়া মার্ক উইলমট। এছাড়াও অনবদ্য ফুটবল জীবনের জন্য ‘প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেন ইতালির আন্দ্রে পিরলো ও ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।



