সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর
শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে ৩০ নভেম্বর। রোববার সকালে এক বৈঠকে আগামীকালের পরীক্ষা স্থগিত করে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর এ তথ্য জানান। আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীতে বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল।
এদিকে, নির্ধারিত সময় অনুযায়ী রোববার বেলা ১১টায় শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিষয়ের পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া হিসাবে, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন।


