গুলশান হামলা: হত্যা শেষে বাংলা ভাষায় কাউকে খবর দিয়েছিল জঙ্গিরা
অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের পর জঙ্গিরা হত্যার খবর বাংলা ভাষায় বাইরের কাউকে দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকেদের এ কথা বলেন। তিনি বলেন, ওই দিনের জিম্মি উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া এক জিম্মি পুলিশকে এসব কথা জানিয়েছেন। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা হামলার পরই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অন্যর সঙ্গে কথা বলেছিলেন। হত্যাকাণ্ড শেষে একটি কল করা হয়েছিল। জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে যে, তাদের (জিম্মিদের) মেরে ফেলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার গুলশান কূটনৈতিক এলাকার ‘হলি আর্টিজান’ রেস্তোরাঁয় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার পরপরই ঘটনাস্থলে যান বনানী থানার ওসি সালাহ উদ্দীন ও পুলিশের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম। পরে ওই সন্ত্রাসীদের হামলায় এ দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হন। হামলা ও জিম্মির ১০ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।



