হিলি সীমান্তে বিজিবি বিএসএফ বৈঠক
রাসেল হাসান, হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় চোরাকারবারীদের লক্ষ্য করে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর গুলি ছোড়ার ঘটনায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পোনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি পোষ্টে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মুকিদ হোসেন এবং বিজিবির পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলীসহ উভয় বাহিনীর সৈনিকগন উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ফকিরপাড়া এলাকায় পরপর দুদিন চোরাকারবারীদের লক্ষ্য করে বিএসএফের ফাকা গুলি বর্ষনের ঘটনা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। এবিষয়ে তাদেরকে গুলি না চালিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে জুমমার নামায শেষে হিলি সীমান্তের বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের অধীন ১০ নম্বর পোস্ট এলাকা দিয়ে একদল চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচার করার চেষ্টা করলে বিএসএফ সদস্য চোরাকারবারীদের লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এতে কেউ হতাহত হয়নি।



