১৩ বছর পরে পানি থেকে মাথা তুলল মেক্সিকোর প্রাচীন গির্জা
সেই ১৯৬৬ সালে পানির অতলে মুখ লুকিয়েছিল সে। মাঝে এক বার মাথা তুলেছিল ২০০২ সালে। সেই শেষ! তার পর এত দিন বাদে, পাক্কা ১৩ বছর পর, পানি থেকে মাথা তুলে দেখা দিল মেক্সিকোর ষোড়শ শতকের অ্যাপোস্টল সান্তিয়াগো গির্জা। খরায় পানির স্তর কমে যাওয়াতেই গির্জাটির এ হেন নাটকীয় আত্মপ্রকাশ।
প্রায় ৪৫০ বছরের পুরনো এই গির্জাটি স্থাপিত হয়েছিল ডমিনিকান যাজকদের দ্বারা। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য এর উপর নেমে আসে জরাজীর্ণতার ছাপ। তার পর ১৯৬৬ সালে গ্রিজালভা নদিতে বাঁধ দেওয়ার সময়েই ঘটে দুর্যোগ। ছাপিয়ে যাওয়া পানির তলায় চিরতরে মুখ লুকোয় অ্যাপোস্টল সান্তিয়াগো গির্জা।
২০০২ সালে প্রায় ৬০ মিটার মতো দেখা গেলেও এ বারে অবশ্য জলের ভিতর থেকে গির্জাটি মাত্র ১৫ মিটার মাথা তুলেছে। যদিও এত দিন ধরে পানির তলায় থাকতে থাকতে গির্জাটির ছাদ ভেঙে গিয়েছে। এখন সেই ভাঙাচোরা গির্জার থামের উপর এসে বসছে পাখি। কাছে গেলে দেখা যাচ্ছে, গির্জার দেওয়ালে জমেছে পুরু শ্যাওলা। সে ভাবে জনপ্রিয় দ্রষ্টব্য না হলেও মেক্সিকোয় এখন এই গির্জা-ভ্রমণ শুরু হয়েছে। বলা তো যায় না, আবার কবে পানির তলায় মুখ লুকায় সে!
আর, সে আশঙ্কা অমূলকও নয়! ইতিমধ্যেই ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদির পানির স্তর। দিন কয়েকের মধ্যেই শতাব্দী প্রাচীন এই স্থাপত্য হয়তো আবার চলে যাবে পানির তলায়!
