১৪ শতাংশ ভূখণ্ডের দখল হারিয়েছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের কবজায় থাকা ১৪ শতাংশ ভূখণ্ডের দখল হারিয়েছে ২০১৫ সালে। আর এ সময়ে প্রায় তিনগুণ বেড়েছে সিরীয় কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিমাণ। গবেষণা সংস্থা আইএইচএস জেনস গত সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটির এ প্রতিবেদন রণাঙ্গনে আইএসের বেকায়দায় থাকার প্রমাণই সামনে তুলে ধরে। এ পটভূমিতে ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানায়, গত মে থেকে আইএসের নিয়ন্ত্রণে থাকা রামাদি শহরের দিকে জোরকদমে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। কয়েকটি দিক থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদির কেন্দ্রস্থলে এরই মধ্যে পৌঁছে গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ভবনসংলগ্ন এলাকা আইএসমুক্ত করছে। ইরাকের সন্ত্রাসবাদবিরোধী বিভাগের মুখপাত্র সাবাহ আল-নোমান আশা প্রকাশ করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই শহরটি পুরোপুরি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে।
কট্টর সুন্নিপন্থী আইএস তাদের প্রতিষ্ঠিত তথাকথিত ‘খিলাফতের’ পরিধি বাড়াতে বদ্ধপরিকর। এ অবস্থায় চলতি বছর ইরাকের সবচেয়ে বড় প্রদেশটির রাজধানী রামাদির কেন্দ্রস্থলের দখল কায়েমসহ পালমিরায় ঘাঁটি গাড়তে পারা ছিল তাদের বড় সাফল্য। সরকারি সেনাদের পিছু হটিয়ে এসব এলাকার দখল নেয় আইএস। তবে আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলার পাশাপাশি ইরাকি বাহিনী ও সিরীয় বিদ্রোহীদের জোর লড়াইয়ের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়া ও তুরস্কের সীমান্ত লাগোয়া শহর তাল আবিয়াদ, ইরাকি শহর তিকরিত এবং ইরাকের বেইজি তেলক্ষেত্রের দখল হারায় তারা। এ ছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর ও সিরিয়ার শক্ত ঘাঁটি রাকার সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগের নিয়ন্ত্রণ হারানোর ফলে জঙ্গিগোষ্ঠীটির অস্ত্রসহ অন্যান্য রসদ সরবরাহ পড়েছে ভাটার মুখে।
আইএইচএসের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক কলাব স্ট্রাক বলেন, ‘সীমান্ত শহর তাল আবিয়াদের দখল হারানোসহ আন্তর্জাতিক জোটের বিমান হামলা জোরদারের ফলে তেল উত্পাদন কমেছে আইএসের। এতে গোষ্ঠীটির আর্থিক সক্ষমতা কমতির দিকে—এমনটা আমরা লক্ষ্য করছি।’
আইএইচএসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে সিরীয় কুর্দিদের নিয়ন্ত্রণ বেড়েছে ১৮৬ শতাংশ ভূখণ্ডের। অন্যদিকে সিরিয়ার বাশার আল আসাদ সরকার তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে ১৬ শতাংশ অঞ্চলের। বর্তমানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ৩০ হাজার বর্গ কিলোমিটার, যা আইএস ও সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকার অর্ধেকেরও কম। সূত্র : এএফপি।



