২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক খুলে দিতে লিগ্যাল নোটিশ
আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার হোয়াটসঅ্যাপ, ভাইবার খুলে দিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কুমার দেবুল দে ফ্যাক্স যোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠান।
অ্যাডভোকেট কুমার দেবুল দে জানান, বিকেল ৪টার দিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নোটিশটি রিসিভ করেছেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থি।
প্রসঙ্গত, সাকা-মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার।



