৬ সচিব পদে রদ-বদল
বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ৬টি সচিব পদে রদ-বদল আনা হয়েছে। আজ রবিবার জনপ্রসাশন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আবদুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এনএম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয়ক ও সংস্কার) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



