রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের গুঞ্জন !!!
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবীকে অপসারণের লক্ষ্যে গত ৩ মাস ধরে চলছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর বহুমূখী আন্দোলন। সবশেষে এই আন্দোলন রূপ নেয় দাবি আদায়ের আমরণ অনশনে।
আন্দোলনের এই চূড়ান্ত পর্যায়ে এসে নতুন উপাচার্য আসার সম্ভাবনা কতটুকু এই নিয়ে নানা কথায় সরব হয়ে উঠেছে রংপুর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝালমুড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটি চায়ের দোকানে চলছে একই কথা, যাক এবার তাহলে নতুন ভিসি আসছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো জনৈক মহিলা নতুন উপাচার্য হয়ে আসছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। অপরদিকে বর্তমান উপাচার্যের সেচ্ছায় পদত্যাগ করা নিয়ে সরব হয়ে উঠেছে মিডিয়া পাড়াও।
কিন্তু, সত্যিকার অর্থেই কি নতুন উপাচার্য আসছেন? আসলেও, কবে আসছেন? কে আসছেন উপাচার্য হয়ে? এ নিয়েও থেমে নেই গুঞ্জনপাড়া।
কিন্তু উপাচার্য বলছেন ভিন্ন কথা। সেচ্ছায় পদত্যাগ ও নতুন উপাচার্য আসার ব্যাপারে বর্তমান উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এসব ডাহা মিথ্যা কথা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু বিশেষ কাজের জন্য আমি এখানে পড়ে আছি। আগামী সপ্তাহ নাগাদ আমি বিশ্ববিদ্যালয়ে ফিরবো বলে আশা করছি।’