শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ সেলিম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। সেলিমের কাছ থেকে জব্ধ করা ১৮টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, সেলিম উদ্দিন দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৯২ ফ্লাইটে করে সকালে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এই সময় তার সঙ্গে থাকা স্টিলের তৈরি দু’টি পানির ট্যাপের ভেতর থেকে ১৮টি স্বর্ণের বার জব্ধ করা হয়, যেগুলোর ওজন প্রায় চার কেজি। স্বর্ণের বারগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিলো। উম্মে নাহিদা জানান, কৌশলে টেপের ওপরে কেমিক্যাল মাখানো ছিলো, যেন স্ক্যান মেশিনে ধরা না পড়ে।
আটক সেলিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তাৎক্ষনিকভাবে জানান কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা।
বাংলাদেশেরপত্র/এডি/এম
