টোল আরোপের প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ধরলা সেতুতে পাড়াপাড়ে নতুন করে টোল আরোপের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। বুধবার দুপুরে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবীতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দার হোসেন বুলু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আওয়ামীলীগ নেতা অলক সরকার, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু প্রমুুখ। বক্তারা জানান, ধরলা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো ও কাভার্ডভ্যানে টোল আদায় করা হতো। দরিদ্র পীড়িত জেলা হিসেবে অন্যান্য পরিবহনের ওপর টোল মওকুপ ছিল। কিন্তু বুধবার (২৬ আগষ্ট) সকাল থেকে বাইসাইকেল, মটরসাইকেল, রিকসা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী, গরুরগাড়ী, অটোরিকসাসহ সব ধরনের যানবাহনে টোল আদায় করা হচ্ছে।
অবিলম্বে নতুন করে আরোপিত টোল প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষনা দেন বক্তারা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর
