সালথায় আদালতের উচ্ছেদ অমান্য করায় ১জন আটক
সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
ফরিদপুরের সালথায় আদালতের উচ্ছেদ অমান্য করে ফের জমি দখলের চেষ্টা করায় আনিচ মোল্যা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আনিচ উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপুটি গ্রামের কাউছার মোল্যার ছেলে। গতকাল সকালে সালথা থানা পুলিশ তাকে আটক করেন।
জানা যায়, উপজেলার নিধিপুটি গ্রামের মৃত আঃ হামেদ মোল্যার ছেলে আঃ মান্নান মোল্যার ৫২ শতক পৈতৃক সম্পত্তি একই গ্রামের মৃত ইয়াছিন মোল্যার ছেলে রহমান মোল্যা ও কাউছার মোল্যা গংরা জবর দখল করে আসছিল। একপর্যায়ে দখলকারীরা মান্নান মোল্যা গংদের বিরুদ্ধে ভাঙ্গা দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলা চলার পর আদালত বিবাদী মান্নান মোল্যার পক্ষে রায় ঘোষনা করেন। আদালতের রায়ের পর বাদী পক্ষ জায়গা খালী না করায় বিবাদী মান্নান মোল্যা বাদী হয়ে দখলকৃত জমি উদ্ধারের জন্য আদালতে উচ্ছেদের মামলা করেন। ভাঙ্গা দেওয়ানী আদালত উচ্ছেদের জন্য আদেশ দেন। এর পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন শিবলী গত ৪ এপ্রিল সালথা থানা পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন এবং এই জমিতে লাল নিশান টানিয়ে ঢোল বাজিয়ে জমির মালিক মান্নান মোল্যা কে জমি বুঝিয়ে দেন। মান্নান মোল্যা তার জমি দখলের কিছু দিন পর রহমান মোল্যা ও তার ভাই কাউছার মোল্যা গংরা ফের আদালতের আদেশ অমান্য করে সেই জমি জবর দখলের চেষ্টা করে। এঘটনা নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আনিচকে আটক করেছে।
এব্যাপারে সালথা থানা অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন বলেন, আদালতের আদেশ অমান্য করে ফের জমি দখলের চেষ্টা করার অপরাধে আনিচকে আটক করা হয়েছে।