ঢাকায় হামলার আশঙ্কা: নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
ঢাকার হোটেল ও ক্লাবগুলোতে ডিসেম্বরের শেষে বিশেষ করে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কা করে ঢাকায় অবস্থানকারী মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ঢাকা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়, ‘ঢাকার হোটেল ও ক্লাবে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় ওই দিন রাত ৮টার পর প্রকাশ্যে অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তল্লাশিচৌকি বৃদ্ধির কথা বলা হয়েছে।’
এছাড়া সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বনের পাশাপাশি জনাকীর্ণ জায়গা থেকে নিজেকে বিরত রাখার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলে যুক্তরাষ্ট্র।