ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কালিতলা বাজার সংলগ্ন একটি গোডাউন ঘরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্ত তামিম ইসলামের প্রায় এক সপ্তাহ আগে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে বেড়ানোর কথা বলে তামিম তাকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাতে ওই গোডাউন ঘরে নিয়ে তামিম ও তার দুই সহযোগী মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে আজ রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে নেমে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো তামিম ইসলাম, রনি ও মাসুদ। তারা সবাই কালিতলা বাজার এলাকার বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করার প্রক্রিয়া চলছে। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করেছেন।



