Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টায় বগুড়া শহরের গোহাইল রোডে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে রিফাত (২০) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রিফাত বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়ার লিটন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাত ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছোট বোনকে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। গোহাইল রোডের মিশন হাসপাতালের সামনে রাজশাহীগামী আগমনী পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করে রিফাত। এ সময় সামনে থেকে একটি যাত্রীবাহী রিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ও রিকশার যাত্রীরা রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী বাসটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় রিকশাচালক ইসাহাক আলী এবং রিকশার দু’জন যাত্রী আহত হয়েছেন। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিউল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দিকে ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ধনুট উপজেলার সোনাহাটা বাজারের তিনমাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মমতাজ ও শেফালী মোটরসাইকেলে করে বাড়ি থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে সোনাহাটা বাজারের তিন মাথা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.