ইয়েমেনের রাজধানীতে সৌদি বিমান হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে পঞ্চম দিনের মতো দেশটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও মিত্র অন্যান্য আরব দেশগুলোর জোট বাহিনী। ইয়েমেনের রাজধানী সানায় রোববার দিবাগত রাতভর বিমান হামলার পর সোমবার সকালেও হামলা চালানো হয়। প্রধানত সানার কূটনৈতিক এলাকা লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছেন সানার এক বাসিন্দা। রাজধানীর কিনারা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্বত খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গে গড়ে তোলা অস্ত্রগুদামেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এক ইয়েমেনি কূটনীতিক। বিমান হামলার ভয়াবহতা বর্ণনা করে তিনি বলেন, “রাতটি যেন নরক থেকে নেমে এসেছিল।” হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, শনি-রবিবার রাতজুড়ে চালানো বিমান হামলায় ৩৫ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। ইয়েমেনের রাজধানী সানা শিয়া হুতি বিদ্রোহীদের দখলে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত ইয়েমেন সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশটি হুতি’দের সঙ্গে যোগ দিয়েছে। সম্মিলিত বাহিনী বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে রাজধানী থেকে বিতাড়িত করেছে। দেশটির অধিকাংশ এলাকা দখল করে এই বাহিনী দক্ষিণের বন্দর শহর এডেনের দ্বারপ্রান্তে রয়েছে। এডেনের পতন হলেই ইয়েমেন হুতিদের দখলে চলে যাবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশ ছেড়ে আরব লীগের সম্মেলনে যোগ দিতে মিশর গিয়েছেন হাদি। এডেন হুতিদের সঙ্গে লড়াইরত হাদি সমর্থকদের দখলে থাকলেও স্থানীয় বাসিন্দার এডেন টেলিভিনে ফোন করে হুতি ও সালেহ বাহিনী উত্তর দিক থেকে শহরে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছেন। রোববার দিবাগত রাতজুড়ে শহরটিতে বিস্ফোরণ ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। হুতিরা এডেনের উত্তর দিকের আবাসিক এলাকা শেষ উসমান হয়ে শহরে প্রবেশের চেষ্টা করছে বলে জানা গেছে। হুতিরা এডেন থেকে ৩০ কিলোমিটার উত্তরে রয়েছেন বলে কয়েকটি আরব স্যাটেলাইট চ্যানেলে খবরে বলা হয়েছে। সুন্নি হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করতে ২৬ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সুন্নি সৌদি আরব ও আরো নয়টি সুন্নি আরব রাষ্ট্রের জোট বাহিনী। হুতিরা সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া ইরানের প্রতিনিধিত্ব করছে বলে দাবী করেছে সৌদি আরব, অপরদিকে হুতিদের ‘ইরানের হাতের পুতুল’ বলে বর্ণনা করেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদি। হুতিদের সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করে ইয়েমেনে সুন্নি আরব রাষ্ট্রগুলোর বিমান হামলার তীব্র নিন্দা করেছে ইরান। রোববার আরব জোট বাহিনীর মুখপাত্র সৌদি সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ অ্যাসেরি জানিয়েছেন, প্রেসিডেন্ট হাদি ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে শাসন ক্ষমতা ফিরে না পাওয়া পর্যন্ত বিমান হামলা অব্যাহত থাকবে। ওদিকে একইদিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইর জানিয়েছেন, বিমান হামলা অব্যাহত রাখা হলেও ইয়েমেনে স্থল সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। কেউ ইয়েমেনে যেতে রাজি হবে কিনা, এমন সংশয় প্রকাশ করলেও সম্ভাবনা বাতিল করেননি তিনি।
