কুনিও হোশির হত্যাকারীই খাদেম হত্যায় জড়িত: পুলিশ
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় গ্রেফতার জেএমবি নেতা মাসুদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি মাজারের খাদেম হত্যা ও বাহাই নেতা হত্যাচেষ্টার সঙ্গেও জড়িত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রংপুর পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির এই তথ্য জানান।
হুমায়ুন কবির জানান, জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানাকে গত বৃহস্পতিবার কাউনিয়ার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়ায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে আমরা এতোদিন বিষয়টি প্রকাশ করিনি। তিনি বলেন, গত ১০ নভেম্বর মধ্যরাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতারমোড়ে মাজার শরীফের খাদেম রহমাত আলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মাসুদ রানা জড়িত। এছাড়া গত ৮ নভেম্বর বাহাই সম্প্রদায়ের নেতা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের পিএস রুহুল আমীনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাতেও তিনি জড়িত।


