পাবনায় নারীদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা
পাবনা প্রতিনিধিঃ পাবনায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মের বিকৃত ব্যাখ্যা প্রদানের মধ্য দিয়ে সমাজে নারীদেরকে গৃহবন্দি করা, নারী নির্যাতন, নারীদের প্রতি অবমাননাসহ নারী মুক্তির পথে সৃষ্ট বিভিন্ন ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষা এবং আদর্শকে তুলে ধরা হয় এ সভায়।
.
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মুখপাত্র ও সংগঠক এবং দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ্ পন্নী। একটি সুখী-সমৃদ্ধশালী জাতি গঠনে নারীর ভ‚মিকা এবং ইসলামে নারীদের অবস্থান সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুননাহার রেখা। এতে বিশেষ অতিথি ছিলেন- দেবত্তর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলি, পাবনা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদিকা তৃষ্ণা রানী চক্রবর্তী, রাজশাহী হেযবুত তওহীদের নেত্রী আফরোজা আক্তার লিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা হেযবুত তওহীদের মহিলা বিষয়ক সম্পাদক নূর আছমা মিথিলা।



