ফের আদালতে সঞ্জয়
বিনোদন ডেস্ক: দীর্ঘ ৪৮ মাস জেলজীবন কাটানোর পর গত ২৫ ফেব্রুয়ারি পুনের ইয়েরাওয়াড়া জেল থেকে ছাড়া পান বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তবে জেল থেকে মুক্তি মিললেও এখনো নিজের পাসপোর্ট ফেরত পাননি ‘মুন্না ভাই’। আর তাই ফের আদালতের শরণাপন্ন হলেন তিনি। জানা গেছে, জেল থেকে বের হতেই একগাদা কাজ এসে জুটেছে এই বলিউড অভিনেতার হাতে। কিন্তু মুক্তির পর কাজ মিললেও এখনো সঞ্জয়ের পাসপোর্টটা ফেরত দেয়া হয়নি তাকে। পাসপোর্ট ফেরত পেতে গত ২১ মার্চ টাডা আইন মামলার তত্ত্বাবধায়ক স্পেশাল জজ জিএ সানাপের কাছে আবেদন করেছেন সঞ্জয়ের আইনজীবী সুভাষ যাধব। তার মতে, যেহেতু তার মক্কেল এখন মুক্ত, সুতরাং তিনি পাসপোর্ট ফেরত পেতে পারেন। এবার দেশের বাইরে যেতে চান। এজন্য পাসপোর্টটা ভীষণ দরকার তার। কারাগারে যাওয়ার আগে আদালতে এটি জমা দিতে হয়েছে তাকে। সিবিআই ১৯৯৩ সালে একে-৫৬ রাইফেল রাখার অপরাধে প্রথমবারের মতো সঞ্জয় দত্তের পাসপোর্ট জব্দ করেছিল। বর্তমানে তার পাসপোর্ট সিবিআইয়ের কাছে রয়েছে। আদালতের নির্দেশ পেলেই তা ফিরিয়ে দেয়া বলে জানিয়েছেন সিবিআই কাউন্সেল দীপক সালভি।
