রংপুরে দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে
রংপুর প্রতিনিধি: দেশে এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যক্তি আইনের তোয়াক্কা করছে না। তারা সরকারি বেতন-ভাতার বিনিময়ে সেবাদানের পরিবর্তে জনসাধারণকে জিম্মি করে অর্থ উপার্জনে লিপ্ত রয়েছে। এসব দুর্নীতিবাজ ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রঙ্গপুর সাহিত্য পরিষদে প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ একথা বলেন। কমিটির পক্ষ থেকে বলা হয় বর্তমানে দুর্নীতির প্রতিকার ও বিস্তাররোধে দুদকের জনবল স্বল্পতা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশে দুর্নীতি কখনো চিরস্থায়ী হতে পারে না। মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে দুর্নীতি প্রবণ সেবা সংস্থাগুলোর লাগাম টেনে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয়। তারা বরেন সেবা গ্রহীতাগণ দুর্নীতিবাজ ব্যক্তিবর্গের কবল থেকে মুক্তি পেতে দুদকের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেনঃ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, দুদকের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা আতিকুর রহমান, কোর্ট পরিদর্শক বুলু মিয়া, সাংবাদিক জয়নাল আবেদীন, আফতাব হোসেন,আব্দুর রহমান রাসেল ও জেআরসিপি প্রকল্প ব্যবস্থাপক এরশাদ প্রমূখ। এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আরডিআরএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



