রংপুরে বাসচাপায় দুই বেয়াই নিহত
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বাসচাপায় দুই বেয়াই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রংপুর- সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮) তার মেয়েকে ৩ মাস আগে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী গ্রামের আফছার আলীর (৫৬) ছেলে আজিজুলের সঙ্গে বিয়ে দেন। সোমবার বিকেলে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন সিরাজুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফছার ও সিরাজুল দুই বিয়াই মিলে বেলতলী মেডিক্যাল বাজারে চা খেতে যান। পরে বাড়িতে ফেরার পথে রংপুর – দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী সরকার পরিহনের একটি মিনিবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই বেয়াই নিহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সাত্তার জানান, অবরোধকারীদের শান্ত করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।



