রংপুর তাজহাটে চালক ও হেলপার হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
রংপুর ব্যুরো: ট্রাকভর্তি চাল লুটের পর চালক ও হেলপার শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কোতয়ালী থানা পুলিশ গ্রামের বাড়ি পাগলাপীর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আটক জুয়েল রানা রংপুর সদরের পাগলাপীর মহাদেবপুর এলাকার আজিজুল ইসলামের পুত্র। ট্রাক চালক ও হেলপার হত্যা মামলার ঘটনায় তাকে আটকের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বুধবার রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি চালবোঝাই ট্রাক ছিনতাই করে রংপুরে নিয়ে এসে চাল লুট করে ট্রাক চালক ও হেলপারকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ট্রাক চালক কোরাইস খান (৩৫) সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার নুন্দাহ বাঘাবাড়ি এলাকার সোনাউলাহ পাইকারের ছেলে। হেলপার রমজান আলীও একই এলাকার বাসিন্দা।
উলেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর তাজহাট এলাকার আরকে রোড সংলগ্ন ভিআইপি শাহাদাত কোল্ড ষ্টোরেজের সামনে রাখা ট্রাকের ভেতর থেকে চালক কোরাইস খান ও হেলপার রমজানের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই হত্যাকান্ডের ঘটনায় নিহত কোরাইস খানের ভাই আব্দুল করিম বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



