রিয়ালের রেকর্ড ভাঙল বার্সা
স্পোর্টস ডেস্ক:
শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেল বার্সেলোনা। এই জয় বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের একটি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে সাহায্য করেছে। ২০০৯-১০ ও ২০১২-১৩ মৌসুমে লিগ শিরোপা জিততে না পারলেও মৌসুমের দ্বিতীয়ার্ধে রেকর্ড ৫৮ গোল করে রিয়াল মাদ্রিদ। শনিবার পেদ্রো রদ্রিগেজের গোলে সেই রেকর্ড স্পর্শ করে বার্সেলোনা। নেইমার দলের হয়ে আরেক গোল করে বার্সেলোনাকে নতুন রেকর্ড গড়তে সাহায্য করেন। মৌসুমের দ্বিতীয়ার্ধের এলচে (৬-০) ম্যাচ থেকে শুরু করে এই পর্যন্ত ১৭ ম্যাচে ৫৯ গোল করে রিয়ালের ৫৮ গোলের রেকর্ড ছাড়িয়ে যায় কাতালানরা। মৌসুমের এখনও ২ ম্যাচ বাকি রয়েছে। ফলে সংখ্যাটিকে আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছে লুইস এনরিকের দল। বার্সেলোনার স্ট্রাইকার-ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজ (এমএনএস) রয়েছেন দুর্দান্ত ফর্মে। এমএনএস জুটি চলতি মৌসুমে ইতোমধ্যেই ১১২ গোল করে ফেলেছেন। এই তিনজন চলতি মৌসুমে আর ৭ গোল করতে পারলে ২০১১-১২ মৌসুমে রোনালদো, বেনজেমা ও হিগুয়াইন জুটির ১১৮ গোলের রেকর্ড ভেঙে যাবে। এজন্য মেসিরা মৌসুমে আরও ৪ বা ৫ ম্যাচ পাবেন।