Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আবাসিক হল নেই

বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্মিত বহু আকাক্সিক্ষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দীর্ঘদিন যাবৎ অরক্ষিত থাকায় চালুর আগেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। হল থেকে ফ্যান, বেসিন, লাইটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চুরি হওয়ারও অভিযোগ পাওয়া গেছে। মেয়েদের আবাসিক হল থাকলেও ছেলেদের কোনো আবাসিক হল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্ররা।
জানা যায়, প্রায় দুই বছর আগে নির্মাণকাজ শেষ হলেও নানা কারণে এটি চালু করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত বছরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও হরতালের কারণে তারিখ পরিবর্তন করে ২ এবং ৩ নভেম্বর করা হয়। কিন্তু পদোন্নতি জটিলতা নিরসনসহ নানা দাবিতে ৫ নভেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির এ ঘোষণার পরেই অনিবার্য কারণবশত সাক্ষাৎকার স্থগিতের সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। চলতি বছরে গত ২৩ এপ্রিল তৃতীয়বারের মত প্রভোস্টসহ অন্যান্য পদে নিয়োগ দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের। দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার প্রথম হল পরিদর্শনে যান নতুন প্রভোস্ট।
হল পরিদর্শনের পর প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় গত কাল শুক্রবার জানান, “হল এখনো আমাদের প্রশাসন থেকে হস্তান্তর করা হয় নি। বর্তমানে হলের অবস্থা বসবাসের অনুপযোগী। হলের বৈদ্যুতিক সরঞ্জাম ও স্যানিটারি সামগ্রী পর্যাপ্ত নেই। ”
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, “হল হস্তান্তর করার সময় হল সম্পূর্ণ বসবাস উপযোগী ছিল। তবে দীর্ঘদিন হল অরক্ষিত থাকায় অনেক কিছুই চুরি হয়ে গেছে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মোর্শেদ উল আলম রনি বলেন, “নিরাপত্তা শাখার অনেকেই দীর্ঘদিন ধরে বেতন পান না। অনেকে বেতন পেয়েও দায়িত্বপালন করেন না। নিরাপত্তাহীনতার কারণে হয়তো কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও স্যানিটারি চুরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।”
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে নির্মিত ছয়তলাবিশিষ্ট ছেলেদের আবাসিক হলটি নির্মাণের জন্য ২০১০ সালের ৬ এপ্রিল প্রায় সাত কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এরপর ২০১১ সালের ১৭ মার্চ ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মাণাধীন রয়েছে নতুন আরেকটি হল শহীদ মুক্তার এলাহী হল। বর্তমানে ছাত্রীদের জন্য একটি হল থাকলেও ছাত্রদের জন্য কোন হল নেই।

Leave A Reply

Your email address will not be published.