সুনামগঞ্জে নিজের মা ও ছেলেকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জের দিরাইয়ে নিজের মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সরমঙ্গল ইউনিয়নের কাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৬৫) ও তার আড়াই মাস বয়সী নাতি অনিক। আমেনার ছেলে একরাম আলীকে (৩৫) রাতেই গ্রেফতার করেছে পুলিশ। দিরাই থানার ওসি বায়েছ আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে একরাম দা দিয়ে তার মা ও নিজের ছেলে অনিক ও মেয়ে মাহমুদাকে (৩) কোপানো শুরু করে। এ সময় একরামের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমেনা ও অনিকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরাই একরামকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং একরামকে গ্রেফতার করে বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য দুটি লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



