জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াত সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। এদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
গত সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। আজ মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন: ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
পদত্যাগকারী ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন: ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার এই ১৭ জন আইন কর্মকর্তা একযোগে তাদের পদত্যাগপত্র জমা দেন। তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।



